গীতসংহিতা. 132. মন্দির পর্যন্ত আরোহণের একটি গীত| প্রভু স্মরণে রাখবেন দায়ূদ কেমন কষ্ট পেয়েছিলেন| দায়ূদ প্রভুর কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন| দায়ূদ যাকোবের শক্তিমান ঈশ্বরের কাছে একটি বিশেষ প্রতিশ্রুতি করেছিলেন| দায়ূদ বলেছিলেন, “আমি আমার বাড়িতে যাবো না, আমি আমার বিছানায় শোব না| আমি ঘুমোতে যাব না| আমি আমার চোখকে বিশ্রাম দেবো না| যতক্ষণ পর্যন্ত না আমি যাকোবের শক্তিমান ‘একজনের’ জন্য একটি বাসস্থান খুঁজে পাই ততক্ষণ পর্যন্ত আমি ওই সবের কোন কিছুই করবো না!” আমরা ইফ্রাথায় সে সম্পর্কে শুনেছি| কিরিয়ৎ যিয়ারিমে আমরা সাক্ষ্য সিন্দুক খুঁজে পেয়েছি| চল আমরা পবিত্র তাঁবুতে যাই| চল আমরা সেই চৌকিতে উপাসনা করি যেখানে প্রভু তাঁর পা রাখেন| হে প্রভু, আপনি এবং আপনার শক্তির সিন্দুক উত্থান করুন এবং বিশ্রাম স্থানে ফিরে আসুন| হে প্রভু, আপনার যাজকরা ধার্ম্মিকতায় সজ্জিত| আপনার নিষ্ঠাবান অনুগামীরা প্রচণ্ড সুখী| আপনার সেবক দায়ূদের ভালোর জন্য, আপনার মনোনীত রাজাকে বাতিল করবেন না| প্রভু দায়ূদের কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছেন; প্রভু দায়ূদের প্রতি বিশ্বস্ত থাকবার প্রতিশ্রুতি দিয়েছেন| প্রভু প্রতিশ্রুতি দিয়েছেন যে, দায়ূদের পরিবার থেকেই রাজারা আসবে| প্রভু বলেছেন, “দায়ূদ, যদি তোমার সন্তানরা আমার চুক্তি এবং যে বিধিসমূহ আমি তাদের শিখিয়েছি তা মানে তাহলে সর্বদাই তোমার পরিবারের কোন একজন, তোমার নিজের বংশধর, রাজা হবে|” তাঁর মন্দিরের স্থান হিসেবে প্রভু সিয়োনকে মনোনীত করেছেন| তাঁর গৃহ (মন্দির) হিসেবে তিনি সেই স্থানই চেয়েছিলেন| প্রভু বলেছিলেন, “চিরদিনের জন্য এটাই আমার স্থান হবে| আমার থাকার স্থান হিসেবে আমি এই জায়গাকে মনোনীত করেছি| প্রচুর খাদ্য দিয়ে আমি এই শহরকে আশীর্বাদ করবো| এমনকি দরিদ্র মানুষরাও প্রচুর খাদ্য পাবে| আমি যাজকদের পরিত্রাণ দিয়ে সজ্জিত করবো| আমার অনুগামীরা সুখী হবে| এই স্থানে আমি দায়ূদকে শক্তিশালী করবো| আমার দ্বারা মনোনীত রাজার জন্য আমি একটি প্রদীপ দেব| দায়ূদের শত্রুদের আমি লজ্জায় ঢেকে দেবো| কিন্তু দায়ূদের রাজ্যকে আমি বাড়িয়ে তুলবো|”