গীতসংহিতা. 121. মন্দির পর্যন্ত যাওয়ার একটি গীত| সাহায্যের জন্য আমি পাহাড়ের দিকে তাকিয়ে থাকি| কিন্তু প্রকৃতপক্ষে আমার সাহায্য কোথা থেকে আসবে? আমার সাহায্য প্রভুর কাছ থেকে আসবে, যে প্রভু স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা| ঈশ্বর তোমার পতন ঘটাতে দেবেন না| তোমার রক্ষাকর্তা ঘুমিয়ে পড়বেন না| ইস্রায়েলের রক্ষাকর্তা কখনও ঘুমোন না| ঈশ্বর কখনও নিদ্রা যান না| প্রভুই তোমার রক্ষাকর্তা| তাঁর মহৎ‌‌ শক্তি দিয়ে তিনি তোমায় রক্ষা করেন| দিনের বেলায় সূর্য তোমায় আঘাত করতে পারে না| রাতের বেলায় চাঁদ তোমায় আঘাত করতে পারে না| সকল বিপদ থেকে প্রভু তোমায় রক্ষা করবেন| প্রভু তোমার আত্মাকে রক্ষা করবেন| যখনই তুমি আসবে এবং যাবে তখন প্রভু তোমায় সাহায্য করবেন| প্রভু তোমাকে এখন এবং চিরদিন সাহায্য করবেন!