গীতসংহিতা. 98. একটি প্রশংসা গীত প্রভুর উদ্দেশ্যে একটা নতুন গান গাও, কারণ তিনি নতুন নতুন আশ্চর্য্য কার্য করেছেন! তাঁর পবিত্র ডান বাহু আবার তাঁকে বিজয় এনে দিয়েছে| প্রভু জাতিগুলোর নিকট তাঁর উদ্ধার করার শক্তি প্রকাশ করেছেন| প্রভু তাদের তাঁর ন্যায়পরায়ণতা প্রদর্শন করেছেন| ইস্রায়েলের লোকদের প্রতি প্রভুর বিশ্বস্ততা তাঁর অনুগামীরা স্মরণ করে| দূরদূরান্তের দেশও আমাদের ঈশ্বরের ত্রাণশক্তি দেখেছে| পৃথিবীর প্রত্যেকটি মানুষ, প্রভুর উদ্দেশ্যে আনন্দধ্বনি দাও| শীঘ্রই প্রশংসা গীত শুরু কর! হে বীণা, প্রভুর প্রশংসা কর| বীণার সুর প্রভুর প্রশংসা কর| ভেঁপু ও বাঁশি বাজাও এবং আমাদের রাজা প্রভুর উদ্দেশ্যে আনন্দ ধ্বনি দাও! সমুদ্র এবং পৃথিবী এবং যেখানে যা কিছু আছে সবাই যেন উচ্চস্বরে গেয়ে ওঠে| হে নদীসমূহ, তোমরা হাততালি দাও! হে পর্বতরাজি, তোমরা একসঙ্গে গেয়ে ওঠো! প্রভুর সামনে গান গাও কেননা তিনি বিশ্বকে শাসন করতে আসছেন| তিনি ন্যায়পরায়ণতার সঙ্গে এই বিশ্বকে শাসন করবেন| তিনি সততার সঙ্গে লোকদের শাসন করবেন|