গীতসংহিতা. 92. বিশ্রাম দিবসের জন্য একটি প্রশংসা গীত| প্রভুর প্রশংসা করাই ভাল| হে পরাৎ‌‌পর, আপনার নামের প্রশংসা করাই ভাল| প্রাতঃকালে আপনার প্রেমের গান এবং নিশাকালে আপনার বিশ্বস্ততার গান গাওয়াই ভালো| ঈশ্বর, দশ তারা যন্ত্রে এবং বীণায় আপনার জন্য সুর বাজানো ভাল| প্রভু, যে সব জিনিস আপনি করেছেন তা দিয়ে আমাদের প্রকৃতই সুখী করেছেন| আমরা প্রফুল্লচিত্তে ওই সব বিষয়ের গুণগান করি| প্রভু, আপনি সেই সব মহৎ‌‌ কাজ করেছেন| আপনার চিন্তা বুঝে ওঠা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন| আপনার তুলনায় মানুষ এক্কেবারে নির্বোধ প্রাণী| আমরা সেই বোকাদের মত যারা কিছুই বুঝতে পারে না| দুষ্ট লোকরা আগাছার মত বেঁচে থেকে এবং মরে| যে অর্থহীন কাজ তারা করে যায়, তা চিরদিনের জন্য ধ্বংস হবে| কিন্তু প্রভু, আপনি চিরদিনের জন্য সম্মানিত থাকবেন| প্রভু, আপনার সব শত্রু ধ্বংস হবে| সেই সব লোক যারা মন্দ কাজ করে, তারা ধ্বংস হবে| একটা গণ্ডার যেমন তার বিশাল খড়্গ দিয়ে আক্রমণ করে, আমিও সেই ভাবে, যারা আমার বিরোধিতা করে, সেইসব দুষ্ট লোকদের আক্রমণ করব| বিশেষ কাজের জন্য আপনি আমায় মনোনীত করেছেন এবং গন্ধ তেল মাথায় ঢেলে আমায় অভিষিক্ত করেছেন| চারপাশে আমি শত্রুদের দেখতে পাচ্ছি| বিরাট বলদের মত ওরা আমায় আক্রমণের জন্য তৈরী হয়ে রয়েছে| আমি শুনছি ওরা আমার সম্পর্কে কি বলছে| ধার্ম্মিক লোকরা প্রভুর মন্দিরে পোঁতা লিবানোনের এরস গাছের মত| ধার্ম্মিক লোকরা ঈশ্বরের মন্দিরে অঙ্গনের কুসুমিত তাল গাছের মত| তাদের বৃদ্ধ বয়সেও, তারা স্বাস্থ্যবান তরুণ গাছের মতই ফল ধারণ করে| প্রভু যে ভাল এটা দেখানোর জন্যই ওরা ওখানে আছে| তিনিই আমার শিলা এবং তিনি কোন ভুল করেন না|