গীতসংহিতা. 81. সঙ্গীত পরিচালকের প্রতি: গিত্তীত্‌ সহযোগে আসফের একটি গীত| সুখী হও এবং আমাদের শক্তিদাতা ঈশ্বরের কাছে গান গাও| ইস্রায়েলের ঈশ্বরের কাছে আনন্দ ধ্বনি দাও| সঙ্গীত শুরু কর| খঞ্জনীগুলি বাজাও| সুশ্রাব্য বীণা এবং অন্যান্য তন্ত্রবাদ্য বাজাও| অমাবস্যার সময় মেষের শিঙা বাজিও| পূর্ণিমার দিনে যখন আমাদের ছুটির উৎসব হয় তখন শিঙা বাজিও| ইস্রায়েলের লোকের জন্য এটাই বিধি| ঈশ্বর যাকোবকে সেই আজ্ঞা দিয়েছিলেন| ঈশ্বর যখন যোষেফকে মিশর থেকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই সময় তিনি তাঁর সঙ্গে এই চুক্তি করেছিলেন| মিশরে আমরা একটা ভাষা শুনেছিলাম, যেটা আমরা বুঝতে পারি নি| ঈশ্বর বলেন, “তোমার কাঁধ থেকে ভারী বোঝা আমি নিয়েছিলাম এবং তোমার হাতের ভারী ঝাঁকাগুলিও আমি বিলি করেছিলাম| তোমরা সমস্যার মধ্যে ছিলে| তোমরা সাহায্য চেয়েছিলে| আমি তোমাদের মুক্ত করে দিলাম| ঝড়ের মেঘের মধ্যে আমি লুকিয়েছিলাম এবং আমি তোমাদের উত্তর দিয়েছিলাম| মরীবার জলের ধারে আমি তোমাদের পরীক্ষা করেছিলাম|” “হে আমার লোকজন, আমার কথা শোন| তোমাদের আমি আমার চুক্তি দেব, হে ইস্রায়েল, আমার কথা শোন! বিদেশীরা যে সব মূর্ত্তি পূজা করে, তোমরা তাদের উপাসনা কর না| আমিই প্রভু, তোমাদের ঈশ্বর, যে তোমাদের মিশর থেকে বের করে এনেছিলাম| হে ইস্রায়েল, তোমার মুখ খোল, আমি তোমাকে আহার দেবো| “কিন্তু আমার লোকরা আমার দিকে মনোযোগ দেয় নি| ইস্রায়েল আমায় মানে নি| তাই ওরা যা করতে চেয়েছিলো, আমি ওদের তাই করতে দিয়েছি| ইস্রায়েলীয়রা যা করতে চেয়েছিলো, তাই করেছে| যদি আমার লোকরা আমার কথা শুনতো এবং আমি যে ভাবে চাই সেভাবে বাঁচতো, তাহলে আমি ওদের শত্রুদের পরাজিত করতাম| যারা ইস্রায়েলে সংকটসমূহ নিয়ে আসবে তাদের আমি শাস্তি দেব| প্রভুর শত্রুরা ভয়ে কেঁপে যেতো| চিরদিনের জন্য ওরা শাস্তি পেতো| ঈশ্বর তাঁর লোকদের সবার সেরা গম দিতেন| যতক্ষণ না তারা পরিতৃপ্ত হয়, ততক্ষণ তাঁর লোকদের ঈশ্বর মধু দেবেন|”