গীতসংহিতা. 69. পরিচালকের প্রতি: “পদ্মসমূহ” গানটির পর্দায় গাওয়া| দায়ূদের একটি গীত| হে ঈশ্বর আমার সংকটসমূহ থেকে আমায় রক্ষা করুন! আমার মুখ পর্যন্ত জল পৌঁছে গেছে| এখানে এমন কিছু নেই, যার ওপর আমি দাঁড়াতে পারি| আমি কাদায় ডুবে যেতে বসেছি, আমি গভীর জলে ডুবে রয়েছি, আমার চারদিকে ঢেউ উত্তাল হয়ে উঠেছে| আমি প্রায় ডুবে মরতে বসেছি| আমি এতই দুর্বল হয়ে পড়েছি যে সাহায্য চাইতেও অক্ষম হয়ে গেছি| আমার গলা যন্ত্রণা করছে| আমার চোখ যন্ত্রণায় টন্ টন্ করে ওঠার আগে পর্যন্ত আমি আপনার সাহায্যের প্রতীক্ষা করেছি| আমার মাথায় যত চুল আছে, আমার শত্রুর সংখ্যা তার থেকেও বেশী| কোন কারণ ছাড়াই তারা আমায় ঘৃণা করে| আমাকে বিনাশ করার জন্য ওরা খুব কঠিন চেষ্টা করে| শত্রুরা আমার সম্পর্কে মিথ্যা কথা বলছে| ওরা বলছে যে আমি নাকি চুরি করেছি| এরপর যে জিনিস আমি চুরি করি নি, ওরা আমায় তার দাম দিতে বাধ্য করেছে| হে ঈশ্বর, আপনি আমার ত্রুটিগুলি জানেন| আপনার কাছে আমি আমার পাপ লুকোতে পারি না| হে আমার সদাপ্রভু, সর্বশক্তিমান প্রভু, আমার জন্য যেন আপনার অনুগামীরা লজ্জায় না পড়ে| হে ইস্রায়েলের ঈশ্বর, আপনার অনুগামীরা যেন আমার জন্য বিব্রত বোধ না করে| আমার মুখ লজ্জায় ঢেকে গেছে| এই লজ্জা আমি আপনার জন্য বহন করছি| আমার ভাইরা অচেনা মানুষের সঙ্গে যেরকম ব্যবহার করে সেরকম আমার সঙ্গে করে| আমার মায়ের সন্তানরা আমার সঙ্গে ভিন্দেশীর মতই ব্যবহার করে| আপনার মন্দির সম্পর্কে আমার তীব্র অনুভূতিই আমাকে শেষ করে দিচ্ছে| যারা আপনাকে নিয়ে মজা করে তাদের কাছ থেকে আমি অপমান কুড়িযেছি| আমি কাঁদি এবং উপবাস করি, এর জন্য ওরা আমায় নিয়ে হাসাহাসি করে| দুঃখ প্রকাশের জন্য আমি প্রায়শ্চিত্ত করি, কাপড় পরি, লোকে আমায় নিয়ে মজা করে| প্রকাশ্য স্থানে ওরা আমায় নিয়ে আলোচনা করে| ওই মাতালরা আমায় নিয়ে গান বাঁধে| হে ঈশ্বর, আমার দিক থেকে আপনার কাছে এই প্রার্থনা: আমি চাই আপনি আমায় গ্রহণ করুন! হে ঈশ্বর আমি চাই প্রেমের সঙ্গে আপনি আমায় সাড়া দিন| আমি জানি আপনি আমায় উদ্ধার করবেন| এ ব্যাপারে আমি আপনার ওপর নির্ভর করতে পারি| আমাকে কাদা থেকে টেনে তুলুন| আমায় কাদায় ডুবে যেতে দেবেন না| যারা আমায় ঘৃণা করে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন| এই গভীর জল থেকে আমায় উদ্ধার করুন| ঢেউগুলো যেন আমায় ডুবিয়ে না দেয়| গভীর গহ্বরকে আমায় ভক্ষণ করতে দেবেন না| কবরকে আমায় গিলে ফেলতে দেবেন না| প্রভু, আপনার প্রেম ভালো, আপনার ভালোবাসা দিয়ে আমায় উত্তর দিন| আপনার সব দয়া নিয়ে আমার দিকে ফিরুন, আমায় সাহায্য করুন! আপনার দাসের কাছ থেকে দূরে সরে যাবেন না| আমি সংকটের মধ্যে পড়েছি! তাড়াতাড়ি আমায় সাহায্য করুন! আসুন আমার আত্মাকে রক্ষা করুন| শত্রুদের হাত থেকে আমায় রক্ষা করুন| আমার লজ্জা আপনি জানেন| আপনি জানেন যে আমার শত্রুরা আমাকে ঘৃণা ও অপমান করেছে| ওরা আমার প্রতি যে কাজ করেছে তাও আপনি দেখেছেন| সেই লজ্জা আমায় বিদীর্ণ করে দিয়েছে| লজ্জায় আমি মরে যেতে বসেছি! আমি সহানুভূতি পাওয়ার আশা করেছিলাম কিন্তু কখনই আমি তা পাই নি| আমি অপেক্ষা করেছিলাম কোন লোক এসে আমায় সান্ত্বনা দিক কিন্তু কোন লোক আসে নি| ওরা আমায়, আহার নয়, বিষ দিয়েছে| যখন আমি তৃষ্ণার্ত ছিলাম দ্রাক্ষারসের বদলে ওরা আমায় অম্লরস দিয়েছিল| ওদের টেবিলগুলো খাবারে পরিপূর্ণ| সমারোহপূর্ণ মঙ্গল আহার ওদের আছে| ওদের ভোজ যেন ওদের বিনাশ করে| আমি কামনা করি ওরা যেন অন্ধ হয়ে যায় এবং ওদের মেরুদণ্ড যেন দুর্বল হয়ে পড়ে| ওদের আপনার সব ক্রোধ অনুভব করতে দিন| ওদের ঘর শূন্য করে দিন| একটা কেউ যেন ওখানে বেঁচে না থাকে| ওদের শাস্তি দিন, ওরা ছুটে পালাবে| তখন ওরা আলোচনা করার জন্য কিছু যন্ত্রণা ও ক্ষত পাবে| মন্দ কাজের জন্য ওদের শাস্তি দিন| আপনার ধার্ম্মিকতা ওদের দেখাবেন না| জীবনের গ্রন্থ থেকে ওদের নাম মুছে দিন| জীবনের পুস্তকে ধার্ম্মিক লোকদের নামের সঙ্গে ওদের নাম লিখবেন না! আমি দুঃখী এবং যন্ত্রণাবিদ্ধ| ঈশ্বর আমায় টেনে তুলুন; আমায় রক্ষা করুন! গানের মধ্যে দিয়ে আমি ঈশ্বরের প্রশংসা করবো| ধন্যবাদ গীতের মধ্য দিয়ে আমি তাঁর প্রশংসা করবো| এটাই ঈশ্বরকে সুখী করবে! উৎসর্গ হিসেবে একটা গোটা পশু দেওয়ার চেয়ে অথবা একটা ষাঁড় হত্যা করার চেয়ে, গানের মধ্যে দিয়ে ধন্যবাদ দেওয়া অনেক ভাল হবে| হে বিনয়ী লোকরা, ঈশ্বরের উপাসনার জন্য এসো| এই সব জেনে তোমরা খুশী হবে| দরিদ্র ও অসহায় মানুষের কথা প্রভু শোনেন| যারা বন্দী আছেন প্রভু তাদের এখনও পছন্দ করেন| হে আকাশ ও পৃথিবী, ঈশ্বরের প্রশংসা কর! হে সমুদ্র এবং সমুদ্রের মধ্যের সবকিছু, প্রভুর প্রশংসা কর! প্রভু সিয়োনকে রক্ষা করবেন| প্রভু যিহূদার শহরগুলি আবার নির্মাণ করবেন| সেই ভূখণ্ড যাদের, সেখানে তারা আবার বাস করবে! তাঁর দাসদের উত্তরপুরুষরা এই ভূখণ্ড পাবে| সেই সব লোক যারা তাঁর নামকে ভালোবাসে তারা সেই ভূখণ্ডে বসবাস করবে|