গীতসংহিতা. 45. পরিচালকের প্রতি: “শোশন্নীম” গানটি যে পর্দায় গাওয়া সেই পর্দায় গাওয়া| কোরহ পরিবার থেকে মস্কীল একটি গীত| একটি প্রেম গীত| রাজার জন্য যখন আমি এই গানটি লিখছি, আমার মন চমৎ‌‌কার শব্দসমূহে ভরে যাচ্ছে| একজন দক্ষ লেখকের কলমে যেমন শব্দ আসে, তেমনি ভাবে আমার মুখে শব্দগুলো আসছে| যে কোন লোকের থেকেই তুমি সুন্দর! তুমি একজন দারুণ বক্তা| তাই ঈশ্বর সর্বদাই তোমাকে আশীর্বাদ করবেন! তোমার তরবারি কোমরে বেঁধে নাও| তোমার গৌরবময় উর্দি পরে নাও| তোমাকে বড় সুন্দর দেখায়! যাও, ন্যায় এবং সত্যের যুদ্ধে বিজয়ী হও| তোমার বলবান ডান হাত বিস্ময়কর কাজ করবার শিক্ষা পেয়েছে| হে রাজা আপনার ধারালো তীরসমূহ আপনার শত্রুদের হৃদয়ের গভীরে বিদ্ধ হয়েছে, আপনার সামনেই তারা মাটিতে লুটিয়ে পড়বে| আপনি চিরকাল আপনার শত্রুদের ওপরে শাসন করবেন| হে ঈশ্বর, আপনার সিংহাসন চিরবিরাজমান থাকবে! আপনি ন্যায়সঙ্গতভাবে শাসন করেন| আপনি ন্যায় ভালোবাসেন এবং আপনি মন্দ ঘৃণা করেন| তাই ঈশ্বর, আপনার ঈশ্বর আপনাকে আপনার অনুগামীদের রাজা করেছেন| আপনার পোশাক চন্দন, ঘৃতকুমারী ও দারুচিনির গন্ধে সুবাসিত| হাতির দাঁতের কাজ করা আপনার প্রাসাদ থেকে আপনার বিনোদনের জন্য সঙ্গীত ভেসে আসছে| আপনার সভা-নন্দিনীরা সকলেই রাজকন্যা, রাণী আপনার ডানদিকে খাঁটি সোনার রাজমুকুট পরে বসে আছেন| হে আমার নারী, আমার কথা শোন| খুব মন দিয়ে শোন, তাহলে তুমি বুঝতে পারবে| নিজের লোকজন এবং বাপের বাড়ীর কথা ভুলে যাও| তাহলে রাজা তোমার রূপে খুশী হবেন| তিনি তোমার নতুন প্রভু হবেন| তাই তাঁকে তোমার সম্মান করা উচিৎ‌| সোর প্রদেশের ধনী লোকরা, তোমার সাক্ষাৎ পাবার জন্য তোমার কাছে মূল্যবান উপহার সামগ্রী নিয়ে আসবে| সোনার সুতো দিয়ে বোনা তাঁর পোশাকে রাজকন্যাকে দেখতে মহিযসী লাগছে| সেই সুন্দর পোশাক পরে যখন তিনি রাজার কাছে যাবেন তখন রাজার সভা-নন্দিনীরা তাঁর পিছন পিছন যাবে| নাচে, গানে, আনন্দে মশগুল হয়ে তারা রাজপ্রাসাদের দিকে যাবে| হে রাজা, আপনার পরে, রাজ্য শাসন করার জন্য আপনি অনেক পুত্র সন্তান পাবেন| যাতে আপনার পরে তারা রাজ্য শাসন করতে পারে| আমি আপনার নাম চিরদিনের জন্য বিখ্যাত করে যাবো| লোকে চিরকাল আপনার প্রশংসা করে যাবে!