1 বংশাবলি. 16. সাক্ষ্যসিন্দুকটা নিয়ে এসে লেবীয়রা সেটাকে দায়ুদের বানানো তাঁবুর মধ্যে রাখলেন| তারপর ঈশ্বরের উদ্দেশ্যে হোমবলি ও মঙ্গল নৈবেদ্য উৎসর্গ করা হল| দায়ুদের নৈবেদ্য অর্পণ করা শেষ হলে তিনি প্রভুর নামে সমস্ত লোকদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানালেন| এরপর তিনি ইস্রায়েলের প্রত্যেক পুরুষ ও নারীকে একখানা করে গোটা পাঁউরুটি, কিছু খেজুর, কিস্মিস্ ও পিঠে বিতরণ করলেন| সাক্ষ্যসিন্দুকের সামনে কাজকর্ম করবার জন্য দায়ুদ কিছু লেবীয়কে নিয়োগ করলেন| এই সমস্ত লেবীয়দের মূল কাজ ছিল প্রভুর স্তবগান ও প্রশংসা করা| যে দলটি খঞ্জনী বাজাত, আসফ ছিল সেই দলটির নেতা| সখরিয় ছিলেন দ্বিতীয় দলটির নেতা| অন্যান্য লেবীয়রা ছিলেন যিয়ীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, মত্তিথিয়, ইলীয়াব, বনায়, ওবেদ-ইদোম এবং যিয়ীয়েল| এদের কাজ ছিল বীণা এবং অন্য এক ধরণের তন্ত্রবাদ্য বাজানো| যাজক বনায় ও যহসীয়েল সাক্ষ্যসিন্দুকের সামনে শিঙা ও কাড়া-নাকাড়া বাজানোর দায়িত্ব পালন করতেন| সেই দিন দায়ুদ, আসফ ও তাঁর সতীর্থদের প্রভুর প্রশংসা ও কীর্তনের দায়িত্ব দিয়েছিলেন| প্রভুর প্রশংসা কর আর তার নাম নাও| তিনি যে সমস্ত মহান কাজ করেছেন সবাইকে সে কথা বলো| প্রভুর উদ্দেশ্যে গান গাও| তাঁর প্রশংসা কর| তাঁর মহৎ‌‌ কীর্তির কথা সবাইকে জানাও| প্রভুর পবিত্র নাম করে গর্বিত হও| তোমরা যারা তাঁকে চাও তারা আনন্দিত হও! প্রভুর দিকে এবং তাঁর শক্তির দিকে তাকাও| সর্বদা তাঁর সন্ধান কর| তিনি যে সব অলৌকিক কাজ করেছেন সেই সব মনে রেখো| মনে রেখো তাঁর সমস্ত সিদ্ধান্ত আর তাঁর দ্বারা কৃত চমৎ‌‌কার! ইস্রায়েলের লোকরা, যাকোবের উত্তরপুরুষরা সকলেই প্রভুর দাস এবং প্রভুর মনোনীত লোক| প্রভু আমাদের ঈশ্বর এবং তাঁর সিদ্ধান্ত সর্বত্র বিরাজমান| সর্বদা তাঁর চুক্তি মনে রেখো| হাজার হাজার পুরুষ ধরে তাঁর আজ্ঞা মনে রেখো| অব্রাহামের সঙ্গে তাঁর যে চুক্তি হয়েছিল সেটি এবং ইসহাককে করা তাঁর প্রতিশ্রুতি মনে রেখো| যাকোবের জন্য প্রভু এটিকে একটি আইনস্বরূপ করে দিয়েছিলেন| ইস্রায়েলের সঙ্গে তিনি একটি চুক্তি করেছিলেন যা চিরস্থায়ী হবে| প্রভু ইস্রায়েলকে বলেছিলেন, “কনানীয়দের বাসভূমি আমি তোমাদেরই দেবো| প্রতিশ্রুত ভূখণ্ডটি তোমাদের হবে|” তখন জনসংখ্যা ছিল কম, মুষ্টিমেয় কিছু লোক| যাযাবরের মতো ঘুরে বেড়াতো দেশ থেকে দেশান্তরে| কিন্তু প্রভু কাউকে তাদের আঘাত করতে দেননি এবং রাজাদের সতর্ক করে দিয়েছিলেন যেন তারা তাদের কোন ক্ষতি না করে| এই সব রাজাদের প্রভু বলেছেন: “আমার মনোনীত লোকদের এবং ভাববাদীদের কেউ যেন আঘাত না করে|” সমস্ত ভুবন, প্রভুর বন্দনা করো| প্রভু কেমন করে আমাদের রক্ষা করেন সেই সুখবর প্রতিদিন বলো| সমস্ত জাতিকে প্রভুর মহিমার কথা বলো| তাঁর অলৌকিক কীর্তির কথাও সবাইকে বলো| প্রভু মহান এবং প্রশংসার যোগ্য| অন্য সমস্ত দেবতাদের থেকে তিনি শ্রদ্ধেয় ও ভীতিকর| কেন? কারণ অন্য সমস্ত জাতির দেবদেবী শুধু মূল্যহীন পুতুলমাত্র| প্রভু স্বয়ং আকাশ বানিয়েছেন| প্রভু মহিমাময় এবং দীপ্তিমান| তিনি যেখানে থাকেন সেখানে শক্তি এবং আনন্দ বিরাজ করে| সমস্ত লোক ও পরিবারগুলি প্রভুর মহিমা ও শক্তির প্রশংসা করো! প্রভুর মহিমার গান গাও| তাঁর নামের মাহাত্ম্য কীর্তন করো| প্রভুর চরণে তোমাদের নৈবেদ্য উৎসর্গ করো| তাঁকে সুন্দর ও পবিত্র পোশাকে উপাসনা করো| প্রভুর সামনে সমস্ত পৃথিবীর ভয়ে কম্পমান হওয়া উচিৎ‌, কিন্তু ঈশ্বর পৃথিবীকে সুদৃঢ় করেছেন সুতরাং তা নড়বে না| আকাশে এবং মাটিতে আনন্দ ধ্বনিত হোক্; বিশ্ব-চরাচরে সবাই বলে উঠুক, “প্রভুই এই পৃথিবীর নিয়ামক|” সমুদ্র এবং তার ভেতরের সব কিছুই আনন্দে চিৎকার করুক| মাঠগুলি এবং সেখানে যা কিছু আছে তারা আনন্দ প্রকাশ করুক| আনন্দে মশগুল অরণ্যের বৃক্ষরাশি প্রভুর সামনে গান করবে! কেন? কারণ প্রভু আসছেন পৃথিবীর বিচার করতে| প্রভুকে ধন্যবাদ দাও কারণ তিনি ভাল| তাঁর আশীর্বাদ ও করুণা চিরন্তন| প্রভুকে বলো, “হে ঈশ্বর, আমাদের পরিত্রাতা আমাদের ঐক্যবদ্ধ কর| সমস্ত জাতির হাত থেকে আমাদের রক্ষা করো| তাহলে আমরা তোমার পবিত্র নামের প্রশংসা করতে পারবো| তোমার মহিমার প্রশংসা করতে পারবো|” ইস্রায়েলের ঈশ্বর সর্বদা যেভাবে প্রশংসিত হয়েছেন, চিরদিন সে ভাবেই তাঁর প্রশংসা হোক্্| সমস্ত লোক প্রভুর প্রশংসা করে সমবেতভাবে বলে উঠলো, “আমেন!” তারপর আসফ আর তাঁর ভাইদের দায়ুদ প্রতিদিন সাক্ষ্যসিন্দুকের সামনে সেবা করার জন্য রেখে গেলেন| যিদূথূনের পুত্র ওবেদ-ইদোম ও আরো 68 জন লেবীয়কেও দায়ুদ আসফের কাছে রেখে গেলেন| ওবেদ-ইদোম আর হোষা দুজনেই প্রহরী ছিলেন| গিবিয়োনে প্রভুর তাঁবুতে বেদীর সামনে সেবা করার জন্য দায়ুদ সাদোক ও তাঁর সতীর্থ যাজকদের রেখে এসেছিলেন| প্রতি দিন সকালে আর বিকেলে সাদোক ও অন্যান্য যাজকরা মিলে প্রভুর ইস্রায়েলকে দেওয়া বিধি-পুস্তক অনুসারে বেদীতে হোমবলি উৎসর্গ করতেন| প্রভুর প্রশংসা গীত গাইবার জন্য হেমন, যিদূথূন এবং অন্যান্য লেবীয়দের প্রত্যেকের নাম ধরে নির্বাচন করা হয়েছিল, কারণ তাঁর প্রেম চির প্রবহমান| হেমন আর যিদূথূনকে সকলের সঙ্গে খঞ্জনি এবং তূরী-ভেরী বাজাতে হত| ঈশ্বরের নাম বন্দনার সময়ে তাঁরা অন্যান্য বাদ্যযন্ত্রও বাজাতেন| যিদূথূনের পুত্ররা তাঁবুর দরজায় পাহারা দিতো| এই সমস্ত উৎসবের পর প্রত্যেকে যে যার বাড়িতে ফিরে গেল| রাজা দায়ুদও তাঁর পরিবারকে আশীর্বাদ করতে নিজের প্রাসাদে ফিরে গেলেন|